সায়েদাবাদের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো ডিএসসিসি ও ডিএমপি

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিনের পুঞ্জীভূত বিশৃঙ্খলা দূর করতে এবং যাত্রীসেবা নির্বিঘ্ন করতে আজ সোমবার (৬ এপ্রিল) এক বিশাল যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের সমন্বিত উদ্যোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আজাদ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে টার্মিনালের অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে দেখা যায়, টার্মিনালের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অসংখ্য অননুমোদিত বাস কাউন্টার এবং যত্রতত্র গড়ে ওঠা কয়েকশ টং দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সিটি কর্পোরেশন।
দীর্ঘদিন ধরে একশ্রেণির দখলদার চক্র টার্মিনালের মূল জায়গা দখল করে রাখায় বাসের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল এবং যাত্রীদের পোহাতে হচ্ছিল চরম ভোগান্তি। আজকের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে টার্মিনালের ভেতরের চলাচলের পথ প্রশস্ত করা হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজতর করা হয়েছে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা স্থাপনা পরিচালনা করার সুযোগ আর দেওয়া হবে না। টার্মিনালের পরিবেশ সুন্দর রাখা এবং যানজট নিরসনে এই ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিত ও অব্যাহতভাবে পরিচালনা করা হবে।
অভিযানের ফলে টার্মিনাল এলাকা অনেকটা দখলমুক্ত ও সুশৃঙ্খল হওয়ায় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুনরায় দখল রোধে এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
















