সামাজিক মাধ্যমে প্রতারণা ঠেকাতে এআইভিত্তিক নিরাপত্তায় মেটার নজর

সামাজিক মাধ্যমে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মেটা। ব্যবহারকারীদের সুরক্ষায় ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু নিরাপত্তা ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, বিভিন্ন ব্র্যান্ড ও তারকাদের নকল করা অ্যাকাউন্ট ও ভুয়া লিংক শনাক্ত করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে মেটা। এতে করে জালিয়াতি শনাক্ত করা যাচ্ছে দ্রুত এবং তা বন্ধ করা সহজ হবে।
এছাড়া, কোনো সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগের সময় ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন সতর্ক করবে মেটা। সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট বা হোয়াটসঅ্যাপ ডিভাইস লিংকের জন্য সতর্কবার্তা দেখাবে ফেইসবুক। মেসেঞ্জারও সন্দেহজনক অ্যাকাউন্টের ক্ষেত্রে একই ধরনের সতর্কবার্তা দেখাবে প্ল্যাটফর্মটি।
এছাড়া, বিজ্ঞাপনদাতাদের যাচাইকরণ প্রক্রিয়া আরও জোরদার করার কাজ চালিয়ে যাচ্ছে মেটা।
প্রতিষ্ঠানটি বলেছে, তাদের লক্ষ্য এ বছরের শেষদিকে মোট বিজ্ঞাপন আয়ের ৯০ শতাংশ যেন ভেরিফাইড বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আসে। বর্তমানে এটি ৭০ শতাংশে রয়েছে।
গেল বছর মেটা ধারণা করেছিল, প্রতারণামূলক কাজ ও নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে তাদের ২০২৪ সালের আয়ের প্রায় ১০ শতাংশ আসতে পারে।
‘সেলেব বেইট’ বা জনপ্রিয় ব্যক্তিদের নাম ব্যবহার করে ফাঁদ দমনে নিজেদের তৎপরতা বাড়িয়েছে মেটা। গত মাসে ব্রাজিল ও চীনের তিনটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে তারা।
চীনের কোম্পানি তিনটি জনপ্রিয় ব্যক্তিদের ছবি ও ডিপফেইক ব্যবহার করে সন্দেহজনক পণ্য ও বিনিয়োগের প্রচারণা চালাত।
বুধবার মেটা বলেছে, ২০২৫ সালে তারা ১৫ কোটি ৯০ লাখ জালিয়াতিপূর্ণ বিজ্ঞাপন ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত ফেইসবুক ও ইনস্টাগ্রামের ১ কোটি ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে।

















