সাইপ্রাস মিশনের নতুন মুখ বাংলাদেশের মিনহাজুল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এই নিয়োগের আগে তিনি ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের রয়েছে বিশাল কর্মঅভিজ্ঞতা। তিনি ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেক্টর কমান্ডার এবং ১৯৯৯ থেকে ২০০০ সালে পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।
উচ্চশিক্ষায় তার উল্লেখযোগ্য অর্জন রয়েছে; তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনসহ ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন।

















