সব অসম চুক্তি বাস্তবতার নিরিখে যাচাই করা হবে: জামায়াত আমির

বাংলাদেশের সাথে সম্পাদিত সকল ‘অসম চুক্তি’ বাস্তবতার আলোকে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের সঙ্গে শুধু একটা চুক্তি না, বহু অসম চুক্তি আছে। আমরা সবগুলা চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার পক্ষে।” তিনি ইঙ্গিত দেন যে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
দেশের বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমি বাস্তব দেখে পদক্ষেপ নেওয়ার মানুষ। বিমানবন্দরে নেমেই নিয়ত করেছি, পাইকারি ও খুচরা বাজারে যাবো। সম্ভব হলে আজকেই, না হয় কালকে আমি নিজে সরজমিনে পরিদর্শনে যাবো।”
তিনি আরও স্পষ্ট করেন যে, পণ্য যেখান থেকে উৎপাদিত বা আমদানিকৃত হয়, সেই মূল উৎস পর্যন্ত তিনি যাবেন। তিনি বলেন, “উৎপাদনস্থলে দাম কত, পাইকারি মার্কেটে কত এবং খুচরা বাজারে কত—এই তিনটা বিষয় যাচাই করার পরে আমরা আমাদের ভূমিকা নেবো। আমরা চুপ থাকবো না।”
জাপান সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান জানান, জাপান বাংলাদেশকে নিয়ে ইতিবাচক চিন্তা করে। জাপানি প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “তারা বলেছে, বর্তমান সংসদ অতীতের গতানুগতিক সংসদ থেকে একটু ব্যতিক্রম। তোমরা যেমন একদিকে প্রতিবাদ করছো, আরেকদিকে সহযোগিতাও করছো। দেশের প্রতি এই ভালোবাসা বজায় রাখলে তারাও সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে।” তিনি একে দেশ ও জনগণের জন্য একটি অত্যন্ত ‘মজবুত বার্তা’ হিসেবে অভিহিত করেন।

















