সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের আজীবনের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন-ভাতা দান করে সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের আজীবনের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তাঁর নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের তিন প্রতিবন্ধী ভাই—রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত তাঁর এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় এই পরিবারটির জরাজীর্ণ বসতবাড়িটি পুনঃনির্মাণ এবং নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাদের বাঁচিয়ে রাখবেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকে সবটুকু করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
অসহায় এই পরিবারটির কষ্টের বিষয়টি গণমাধ্যমে সবার সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যে সব শুভানুধ্যায়ী এই তিন ভাইয়ের মানবেতর জীবনের বিষয়টি তাঁর দৃষ্টিতে এনেছেন, তাদের প্রতিও সমান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমপি।

















