সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় নৌকাযাত্রী নিহত, নিখোঁজ দুই

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়েমুচড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় সোহেল (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন। নিহত সোহেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি ইঞ্জিনচালিত নৌকা লঞ্চটির পাশে ভিড়িয়ে যাত্রী তুলছিল। এমন সময় পেছন থেকে ‘জাকির সম্রাট-৩’ নামের অপর একটি লঞ্চ সজোরে ধাক্কা দিলে নৌকাটি দুই লঞ্চের মাঝে পিষ্ট হয়।
দুর্ঘটনায় নিহত সোহেল তার স্ত্রী রুবা বেগমকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় এক যাত্রীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য একজন যাত্রী পিষ্ট হয়ে পানিতে তলিয়ে যান। দুর্ঘটনায় সোহেলের স্ত্রী রুবাও গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজনের সন্ধান মেলেনি। ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পন্টুন থেকে লঞ্চটি পেছানোর সময় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

















