সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে তিনি এই শপথ নেন।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করান। নুসরাত তাবাসসুম জামায়াত জোটের শরিক হিসেবে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত হয়েছিলেন।

















