শেরপুর-তিন আসনে জাতীয় নির্বাচন, ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের ৫ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী ২ দিনসহ আগামী ১১ এপ্রিল পর্যন্ত টহল ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
বর্তমানে ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা তাদের নির্বাচনি দায়িত্ব পালন শুরু করেছেন।
শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির উপস্থিতি বিশেষভাবে জোরদার করা হয়েছে এবং সীমান্তে দায়িত্বরত সদস্যরাও নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ঘোষিত নতুন তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

















