শূন্য রানে তিন উইকেট হারিয়ে লজ্জার রেকর্ডে অজিরা

প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়েছিলেন অজি ওপেনার ম্যাথু শর্ট, এবার তিনি বোল্ড হলেন চতুর্থ বলে। মোস্তাফিজুর রহমানের পরের ওভারে কোনো রান করেই বিদায় নিলেন কুপার কনলি ও ম্যাট রেনশ। এতে চরম বিব্রতকর অবস্থায় পড়ে অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো কোনো রান করার আগেই হারায় ৩ উইকেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং নিয়ে স্বাগতিকদের কাছে উড়ে গিয়েছিল অজিরা। এবার টস জিতে আগে ব্যাটিং নিয়েও পড়েছে চরম বিব্রতকর অবস্থায়।
প্রথম ওভারে তাসকিন আহমেদের ইনসুইং বল ছেড়ে দেন শর্ট। সেটা গিয়ে আঘাত হানে উইকেটে। পরের ওভারে মোস্তাফিজ যেন আরও ভয়ঙ্কর। কনলি তার প্রথম বলেই ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে।
ওই ওভারের শেষ বলটা অফ স্টাম্পের বাইরে করেন মোস্তাফিজ। রেনশর ব্যাট ছুঁয়ে সেটি আবারও যায় লিটনের গ্লাভসে। আম্পায়ার অনেকটা সময় নিয়ে তুলেন আঙুল।
ওয়ানডেতে এর আগে তিনবার কোনো দল শূন্য রানে তিন উইকেট পড়ার ঘটনা ঘটেছিল। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ৩ বলেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের ৩ উইকেট পড়েছিল ৫ রানে।
১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ০ রানে হারায় ৩ উইকেট। ১৯৮৩ সালেও এরকম পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানিরা। সেবার বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে ৩ উইকেট হারায় তারা।

















