শুটিং শেষে জানা গেল মডেল শিলোই জোলির সন্তান

জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন মিউজিক ভিডিও ‘হোয়াটস আ গার্ল টু ডু’-তে কেন্দ্রীয় মডেল হিসেবে অভিনয় করেছেন হলিউডের প্রভাবশালী সাবেক দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান শিলো জোলি।
সম্প্রতি স্টারশিপ এন্টারটেইনমেন্ট গানের একটি টিজার প্রকাশের পর এই বিস্ময়কর তথ্যটি প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রে আয়োজিত এক উন্মুক্ত অডিশনের মাধ্যমে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে ১৯ বছর বয়সী শিলোকে চূড়ান্ত করা হয়েছিল। তবে চমকপ্রদ বিষয় হলো, মিউজিক ভিডিওর শুটিং শেষ হওয়া পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট কেউ জানতেনই না যে শিলো আদতে জোলি-পিট দম্পতির সন্তান।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী বাছাইয়ের জন্য তারা যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অডিশনের আয়োজন করেছিলেন। সেখানে ‘কালচার’ নামক একটি ডান্স ক্রুর সাথে যুক্ত থাকা অবস্থায় অডিশনে অংশ নেন শিলো। নিজের অসাধারণ মেধা ও নাচের দক্ষতায় তিনি সবাইকে মুগ্ধ করে প্রজেক্টের জন্য নির্বাচিত হন।
পরিচয় গোপন রেখে সাধারণ একজন শিল্পী হিসেবেই তিনি পুরো কাজ শেষ করেন। শুটিং শেষ হওয়ার বেশ কিছু সময় পর কর্তৃপক্ষ ঘটনাক্রমে জানতে পারে যে, তাদের কেন্দ্রীয় মডেল আসলে বিশ্ববিখ্যাত দুই তারকার উত্তরসূরি।
সিউল এবং প্যারিসে ধারণ করা এই ভিডিওটি এ বছরের অন্যতম ব্যয়বহুল কে-পপ প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। গানের মাত্র ২৬ সেকেন্ডের টিজারে শিলোর আত্মবিশ্বাস ও নাচের ভঙ্গি ইতোমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছোটবেলা থেকেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্টুডিওতে নাচের তালিম নেওয়া শিলো এই কাজের মাধ্যমে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের শক্তিশালী অবস্থানের জানান দিলেন।

















