শিক্ষার্থীদের উপহারের টাকা কেড়ে নিলেন মাদরাসার প্রধানশিক্ষক!

চট্টগ্রামের মিরসরাইয়ে এক দানবীরের দেওয়া নগদ অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর তা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে এক মাদরাসা প্রধানের বিরুদ্ধে। জানা গেছে, জিয়া উদ্দিন সিআইপি নামে এক ব্যক্তি ‘গোপালপুর উসমানিয়া তালিমুল কুরআন মাদরাসা’র ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা উপহার দেন। তবে দাতা ও তার সঙ্গীরা স্থান ত্যাগ করার পরপরই মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে সেই টাকাগুলো সংগ্রহ করে নেয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, দাতা চলে যাওয়ার পরই হুজুর তাদের থেকে টাকাগুলো নিয়ে নিয়েছেন। অভিভাবক মেহেদি হাসান ও সরওয়ার হোসেন এই ঘটনাকে ‘এতিমের হক নষ্ট করা’ হিসেবে অভিহিত করেছেন।
তাদের মতে, যেখানে সারাবছর এতিমদের খবর কেউ রাখে না, সেখানে রমজানের উপহারের টাকা অন্য খাতে খরচের অজুহাতে কেড়ে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এই অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাদরাসার শিক্ষক আব্দুর রব টাকা ফেরত নেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানশিক্ষক তাকে বলেছেন এই টাকা শিক্ষার্থীদের ইফতারের জন্য খরচ করা হবে। তবে নির্দিষ্ট উপহারের টাকা কেন সাধারণ খাতে নেওয়া হলো, সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
ঘটনার বিষয়ে প্রধানশিক্ষক নুরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

















