শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী এবং বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতির শোকবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর শোকবার্তায় বলেন, দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালো। সমাজ ও শিক্ষা বিস্তারে তার ভূমিকা অপরিসীম।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় ইন্তেকাল করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি রাজধানীর ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

















