শিকড় ভুলে গেলে পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ায় ‘পদ্মকোল খনন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা নিজেদের শিকড় ভুলে যায়, তাদের সেই শিকড় উপড়ে ফেলতে ৫ আগস্টের মতো ঘটনা ইতিহাসে বারবার ফিরে আসে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কাজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন কেন আমরা মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি? তাদের উদ্দেশ্যে বলতে চাই, শিকড় ভুলে গেলে আমাদের চলবে না। আমাদের সদিচ্ছাই উন্নয়নের জন্য যথেষ্ট।”
সরকারের দ্রুত সাফল্যের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো বিশাল প্রকল্প এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়েই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা সম্ভব হয়েছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হচ্ছে। দেশব্যাপী নদী, নালা ও জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, শুষ্ক মৌসুমে সেচের পানির নিশ্চয়তা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

















