লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজনের মৃত্যু

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, এই হামলার পর সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ফের নতুন সংকটে পড়লো।
এনএনএ জানিয়েছে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো প্রথম দফার ইসরায়েলি হামলায় দুই আরোহী নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনীও দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে দুটি যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গাড়িগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই একই গ্রামের একটি ভবনে পরবর্তী দফার বিমান হামলায় এক সাংবাদিক আহত হয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারে কর্মরত ওই সাংবাদিককে পরে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে তার প্রতিষ্ঠান নিশ্চিত করেছে। নিহত সাংবাদিকের নাম আমাল খলিল।
লেবাননের টায়ার থেকে আল জাজিরার সাংবাদিক হেইডি পেট জানান, স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের দুই সাংবাদিক আত-তিরি গ্রামে প্রথম হামলার স্থানটি পরিদর্শনে গিয়েছিলেন।
পেট জানান, সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়িতে থাকা দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পেয়ে আমাল খলিল এবং জয়নাব ফারাজ সেখানে যান।
তিনি আরও বলেন, কয়েক ঘণ্টা ধরে রেড ক্রস এবং উদ্ধারকারীরা ওই দুই সাংবাদিকের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু ওই এলাকায় ইসরায়েলের লাগাতার হামলার কারণে দীর্ঘক্ষণ তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
পেট বলেন, জয়নাব ফারাজকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস সাংবাদিকদের ওপর চালানো এই ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

















