লা লিগায় ইয়ামালের গোলে বিলবাওকে হারিয়েছে বার্সা

বিলবাওয়ের সান মামেসে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সা। এই ম্যাচে চমৎকার এক গোল করেছেন লামিন ইয়ামাল। সেই ব্যবধান ধরে রেখে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের দল।
লিগে টানা তৃতীয় জয়ে ভর করে ফের চার পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে কাতালানদের পয়েন্ট ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
চোটের কারণে এদিন বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়াই মাঠে নামে বার্সা। প্রায় ৭১ শতাংশ পজিশন রাখলেও, গোলের জন্য সাতটি শটের কেবল দুটির লক্ষ্য ঠিক ছিল। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।
ম্যাচের ১৮ সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোল খেতে গিয়ে রক্ষা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে প্রতিপক্ষের পাস ছুটে গিয়ে ক্লিয়ারের চেষ্টায় ছয় গজ বক্সের বাইরে স্লাইড করেন জোয়াও কান্সেলো, সে বল লাগে ক্রসবারে।
শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে একটুও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে তারা, একটিও লক্ষ্যে ছিল না।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শুরুতে সফরকারীদের একটি কর্নার ফেররান তরেসের ব্যাক-হিল ফ্লিক পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে বিলবাও একবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মার্কাস র্যাশফোর্ডের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। লক্ষ্যে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা এটি।
৫৮তম মিনিটে দুর্দান্ত সেইভে বার্সেলোনাকে বাঁচান হোয়ান গার্সিয়া। কাছ থেকে সানসেতের জোরাল শট ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।
৬৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সের ভেতর ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। বাঁ পায়ের শটে পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান লামিন।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।
বাকি সময়ে বিলবাও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি। ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে বিলবাও।

















