রাবিতে ভিত্তিহীন তল্লাশির জেরে ভিপিকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে এক শিক্ষার্থীর কক্ষে ‘নারী অবস্থান করছে’ এমন সন্দেহে গভীর রাতে তল্লাশি চালিয়েছে হল সংসদের নেতারা। তবে তল্লাশিতে কোনো নারীর অস্তিত্ব না মেলায় এবং প্রশাসনের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড পরিচালনা করায় হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হককে শোকজ করা হয়েছে। একইসাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) ভোর ৫টায় হল প্রশাসনের এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান।
আবাসিকতা বাতিল হওয়া তিন শিক্ষার্থী হলেন হল সংসদের এজিএস ও হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাফিল হোসাইন মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক ও আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব জুবায়ের এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জিম।
ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হলের ১২১ নম্বর কক্ষে নারী অবস্থানের সন্দেহে এজিএস ইসরাফিলের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। কক্ষটিতে কোনো নারী না পাওয়ায় বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শনিবার সন্ধ্যায় প্রাধ্যক্ষের কক্ষে এ নিয়ে সভা ডাকা হলে হল সংসদের নেতা ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘ বৈঠক শেষে রোববার ভোরে শাস্তিমূলক এই পদক্ষেপ নেয় প্রশাসন।
হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। বিনা অনুমতিতে কক্ষে প্রবেশের দায়ে তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে এবং ভিপিকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পুরো বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছে হল কর্তৃপক্ষ।
প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া হলের কোনো কক্ষে তল্লাশি চালানো সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ। নিয়ম ভঙ্গের কারণে আমরা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

















