রাতে উড়বে বিমানের প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত ১২টা ২০ মিনিটে হজযাত্রীদের নিয়ে উড়বে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি। শাহজালালে রাত সাড়ে ১১টার দিকে চলতি বছরের হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটির শাহজালাল ছাড়বে।
এরমধ্যে হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকায় আছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।
হজযাত্রীরা ক্যাম্পে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। ইতোমধ্যেই হজক্যাম্পে যাত্রী ও তাদের স্বজনদের ভিড় বেড়েছে। সেখানে কথা হয় গাইবান্ধার পলাশবাড়ীর হজযাত্রী শামসুল হকের সঙ্গে। তিনি জানান, শুক্রবার সকালে তিনি হজক্যাম্পে এসেছেন। ক্যাম্পের সুযোগ সুবিধার সন্তুষ্টি জানিয়ে বলেন, শনিবার (১৮ এপ্রিল) তার ফ্লাইট। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে এসেছেন হজযাত্রী গোলাম মোস্তফা। ভালোভাবে গিয়ে হজ সম্পন্ন করে যেন ফিরতে পারেন, সেই দোয়া চাইলেন তিনি।
হজক্যাম্পেই হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। নিরাপত্তা তল্লাশিসহ ক্যাম্পেই সব প্রক্রিয়া শেষ করে এখান থেকেই বাসে চড়ে সোজা ফ্লাইটে উঠবেন তারা।
এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে; যার মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং চারটি সৌদিয়া ও ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করবেন; তাদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ করতে সৌদি যাবেন।
আগামী ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ হবে জুলাই মাসের ১ তারিখে।

















