রাজনীতিতে ফিরলে আওয়ামী লীগেই থাকব, পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে ফিরলে তাঁর দল হবে আওয়ামী লীগই এবং দল পরিবর্তন করার কোনো ইচ্ছা তাঁর নেই।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য নিজের রাজনৈতিক দর্শন নিয়ে বলেন, “আমি আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ, সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি।”
নিজের চারিত্রিক দৃঢ়তার কথা উল্লেখ করে সাকিব আরও যোগ করেন, “আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি, তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।”
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে সাকিব তাঁর নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক শক্তিকে চিরতরে স্তব্ধ করে রাখা সম্ভব নয়। সাকিবের ভাষ্যমতে, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।”
একটি বৃহৎ রাজনৈতিক দলকে কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা দেশের জন্য ইতিবাচক নয় বলে মনে করেন এই অলরাউন্ডার। তিনি বলেন, “হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।”
ক্রিকেট ক্যারিয়ার এখনও শেষ হয়নি জানিয়ে সাকিব ইঙ্গিত দেন, খেলার মাঠের ইনিংস শেষ করে তিনি আবারও রাজনীতির পিচে নামবেন এবং সেটি তাঁর পূর্বের দলের হয়েই।

















