রাউজানে প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা!

চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কামরুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান পৌরসভার জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ির অদূরে নানার বাড়ির একটি খামারে দাওয়াত খেতে গিয়েছিলেন বাবলু। শনিবার ভোরে অনুষ্ঠান শেষে কয়েকজন বন্ধুসহ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আলীখিল ডিএনও ব্রিক ফিল্ড সংলগ্ন সড়কে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
বন্ধুরা ও স্থানীয়রা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর দাবি করেছেন, তার ছেলে এলাকায় অত্যন্ত প্রতিবাদী ছিলেন। তিনি বলেন, “বাবলু দিনমজুরের কাজ করলেও এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। এই প্রতিবাদের কারণেই এলাকার বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তাকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।” এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















