রণবীরের ‘ধুরন্ধর’-এ সেন্সর বোর্ডের ২১টি কাটছাঁট, কালই মুক্তি

বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই সেন্সর বোর্ডের কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে তীব্র সহিংসতা ও কড়া ভাষার কারণে ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট প্রদান করেছে। এর ফলে ১৮ বছরের নিচে দর্শকদের জন্য সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
মুক্তির ঠিক আগমুহূর্তে ছবিটিতে বড় ধরনের কাটছাঁটের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। জানা গেছে, সিনেমার মোট ২১টি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে নির্মাতাদের। প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির একাধিক গুরুত্বপূর্ণ অংশকে প্রভাবিত করেছে।
বিশেষ করে হাতুড়ি দিয়ে আঘাত, সিমেন্ট ব্লক দিয়ে হামলা এবং চোখে নির্মম আঘাতের দৃশ্যগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। সবচেয়ে বেশি কাট পড়েছে শিরশ্ছেদ ও লাথি মারার দৃশ্যে।
পাশাপাশি ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সংবিধিবদ্ধ সতর্কবার্তা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দৃশ্য নয়, ছবির সংলাপেও ব্যাপক আপত্তি তুলেছে বোর্ড। একাধিক অশালীন শব্দ মিউট বা পরিবর্তন করার পাশাপাশি দুটি চরিত্রের নামও বদলে দিতে হয়েছে।
এমনকি সাবটাইটেলে থাকা ঐতিহাসিক ঘটনার উল্লেখ এবং একটি শহরের নামও সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। এ ছাড়া প্রধানমন্ত্রী সংক্রান্ত কোনো উল্লেখ বা সংবাদচিত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র এবং প্রাণী ব্যবহারের শংসাপত্র জমা দিতে হয়েছে সেন্সর বোর্ডে।
এতসব কাটছাঁটের পরও সিনেমাটির দৈর্ঘ্য খুব একটা কমেনি। ৩ ঘণ্টা ৪৯ মিনিটের এই দীর্ঘ সিনেমাটি সিরিজের আগের কিস্তির চেয়েও প্রায় ১৫ মিনিট বেশি বড়। আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিটি আগামীকাল ১৯ মার্চ দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

















