রং, রেখা আর ভাবনার ভাষায় ফিরলেন বিপাশা হায়াত

ক্যামেরার আলো-ঝলমলে জগৎ থেকে দূরে থাকলেও সৃজনশীলতার আলোয় প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন বিপাশা হায়াত। একসময়ের দাপুটে এই অভিনেত্রী এখন পুরোদস্তুর চিত্রশিল্পী। নাটক, সিনেমা ও নাট্যরচনায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এই শিল্পী গত কয়েক বছর ধরে নিজেকে সঁপে দিয়েছেন ক্যানভাসে। সেই শিল্পবোধের টানেই এবার তিনি ফিরলেন তার প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।
বর্তমানে প্রবাসে বসবাস করলেও প্রতি বছরই দেশের মাটিতে পা রাখলে বিপাশা হায়াতের গন্তব্য হয় চারুকলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন বাংলা নববর্ষকে সামনে রেখে চারুকলা অনুষদে চলছে বর্ণিল প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ, মুখোশ ও আলপনা তৈরির কর্মযজ্ঞে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি অংশ নিতে দেখা গেল তাকে। রং-তুলি হাতে নিয়ে নিজের পুরোনো স্মৃতিতে যেন নতুন করে প্রাণ দিলেন এই শিল্পী।
চারুকলায় ফেরার অনুভূতি জানাতে গিয়ে বিপাশা হায়াত বলেন, এই প্রাঙ্গণ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখান থেকেই তার শিল্পী সত্তার শুরু। তিনি বলেন, “এখান থেকেই আমি রং, রেখা আর ভাবনার ভাষা শিখেছি। চারুকলা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমার শেকড়। এই টানেই বারবার ফিরে আসা।” পুরোনো প্রাঙ্গণে ফিরে তিনি স্মৃতিতে ডুব দেওয়ার পাশাপাশি নতুন করে কাজের অনুপ্রেরণা পাচ্ছেন বলেও জানান।
‘আগুনের পরশমণি’র মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বিপাশা হায়াত বর্তমানে অভিনয়ে অনেকটা অনিয়মিত। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও শিল্পচর্চায় তিনি এক মুহূর্তের জন্য বিরতি দেননি। বরং দেশ-বিদেশে তার আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে নিয়মিত, যেখানে শিল্পী হিসেবে তিনি কুড়াচ্ছেন অকুন্ঠ প্রশংসা।
সামাজিক যোগাযোগমাধ্যমে চারুকলায় তার কাজ করার ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুরাগী মহলে ব্যাপক সাড়া পড়েছে। অভিনয়ের সেই প্রিয় মুখটিকে রং আর রেখার জাদুকরী ভুবনে নতুনভাবে পেয়ে মুগ্ধ সবাই।

















