যিশুর মূর্তি ভাঙায় দুই ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হবে: আইডিএফ

লেবাননে সামরিক অভিযান চলাকালে যিশুখ্রিষ্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই সেনাকে কড়া সাজা দেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে আইডিএফ জানায়, দোষী সাব্যস্ত ওই দুই সেনাকে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে তাদের ‘যুদ্ধের দায়িত্ব’ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে।
ঘটনার প্রেক্ষাপট ও ভাইরাল ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দক্ষিণ লেবাননের দেবেল গ্রামে এক ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিতে আঘাত করছেন। এতে মূর্তিটি ক্রুশ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এই ছবি ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। বিশেষ করে লেবাননের খ্রিষ্টান সম্প্রদায় এবং মানবাধিকার কর্মীরা একে ধর্মীয় প্রতীকের চরম অবমাননা ও অসভ্য আচরণ হিসেবে অভিহিত করেন।
আইডিএফ ও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া এ ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি এই ঘটনা দেখে ‘স্তম্ভিত ও দুঃখিত’। আইডিএফ জানিয়েছে, অভিযুক্ত সেনাদের আচরণ তাদের বাহিনীর শৃঙ্খলা ও মূল্যবোধের পরিপন্থী। যে সেনা মূর্তি ভাঙচুর করেছেন এবং যিনি এই ঘটনার ছবি তুলেছেন—উভয়কেই শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকেও বাধা না দেওয়া বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট না করায় আরও ছয় সেনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ ও স্থানীয়দের বক্তব্য আইডিএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মূর্তিটি ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, তাদের এই সামরিক অভিযান শুধু হিজবুল্লাহর বিরুদ্ধে, সাধারণ নাগরিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়।
তবে দেবেল গ্রামের প্রধান ধর্মযাজক ফাদার ফাদি ফ্লাইফেল বিবিসিকে বলেন, “পবিত্র ধর্মীয় প্রতীকের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের পরিপন্থী এবং কোনো সভ্য বাহিনীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।” উল্লেখ্য, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের মধ্যেও দেবেল গ্রামটির মানুষ এখনো এলাকা ছাড়েনি, যেখানে এই অবমাননাকর ঘটনাটি ঘটেছে।

















