মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজশাহী

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম।
তীব্র গরমে নাভিশ্বাস জনজীবনে। বৈশাখের শুরু থেকে ক্রমেই বাড়তে থাকা তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহীর খেটে খাওয়া মানুষগুলো।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং তার আগের দিন ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন ধরেই রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।
শহরের রিক্সাচালকরা জানান, দুই দিন ধরে তাপপ্রবাহে মানুষের চলাচল কমে যাওয়ায় আয়-রোজগারও কমে গেছে। রাজশাহীর আশপাশের জেলাগুলোতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে পুরো অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে।

















