মাধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার নাগরিক, আহত ১৫০ মার্কিন সেনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য ছাড়ছেন হাজার হাজার মার্কিন নাগরিক। রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এছাড়া এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ জন মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ তৎপরতা শুরু করে ওয়াশিংটন। ফিরে আসা ৪৩ হাজার নাগরিকের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইটের গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক সরকারি সহায়তার অপেক্ষা না করে বাণিজ্যিক ফ্লাইটে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
রয়টার্সের প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে পেন্টাগন কেবল আটজন সেনার গুরুতর আহত হওয়ার কথা জানালেও, রয়টার্সের অনুসন্ধানে আহত সেনার প্রকৃত সংখ্যা ১৫০ বলে উল্লেখ করা হয়।
রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তাদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন বিবৃতি দিয়েছে। পেন্টাগন এখন স্বীকার করছে যে, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে তারা দাবি করেছে, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে পুনরায় ডিউটিতে যোগ দিয়েছেন। এছাড়া গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

















