মাউশির নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল’ কর্মসূচি স্থগিত

দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই স্থগিতাদেশের কথা জানানো হয়। আদেশে বলা হয়, গত ৫ মার্চ জারি করা স্মারকে এই কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত থাকবে।
এর আগে গত ৮ মার্চ মাউশির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে এই বিশেষ কর্মসূচিটি পরিচালিত হবে। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে এই প্রশিক্ষণের আয়োজন করারও নির্দেশ দিয়েছিল মাউশি।
পূর্ববর্তী নির্দেশনায় আরও উল্লেখ ছিল যে, প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে বজায় রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুলের সদস্যরা প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলনের বিষয়টি নিয়মিত তদারকি করবেন। তবে সতর্ক করা হয়েছিল যে, নির্ধারিত ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না।
এছাড়া প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করার বাধ্যবাধকতাও রাখা হয়েছিল। তবে বর্তমান স্থগিতাদেশের ফলে এই পুরো প্রক্রিয়াটি এখন থমকে গেল।

















