মহাকাশ থেকে পুরো পৃথিবী দেখে স্তব্ধ নভোচারীরা

চাঁদের কক্ষপথে যাত্রার রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ‘আর্টেমিস-২’ মিশনের চার মহাকাশচারী।
বৃহস্পতিবার শেষ রাতে সফল ‘ইঞ্জিন ফায়ারিং’-এর মাধ্যমে কক্ষপথ পরিবর্তনের পর এক সংবাদ সম্মেলনে তাঁরা মহাকাশ থেকে দেখা পৃথিবীর অভূতপূর্ব সৌন্দর্যের কথা তুলে ধরেন।
কমান্ডার রিড ওয়াইসম্যান জানান, মহাকাশযান থেকে এক পলকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরো গোলকটি দেখা যাচ্ছিল। আফ্রিকা, ইউরোপ এবং মেরু অঞ্চলের আলোকছটার সেই দৃশ্য তাঁদের চারজনকেই মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল।
সংবাদ সম্মেলনে মহাকাশচারীদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। শূন্য মাধ্যাকর্ষণে ভাসমান মাইক্রোফোন একে অপরের দিকে ছুড়ে দিয়ে তাঁরা মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রশ্নের উত্তর দেন।
ক্রিস্টিনা কোক জানান, যাত্রার শুরুতে টয়লেট ও যোগাযোগ ব্যবস্থার কিছু ছোটখাটো ত্রুটি দেখা দিলেও তাঁরা নিজেরাই তা সারিয়ে নিয়েছেন। বর্তমানে মহাকাশযানটি চাঁদের মহাকর্ষ শক্তি ব্যবহার করে পুনরায় পৃথিবীতে ফেরার ‘ফ্রি-রিটার্ন’ পথে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চাঁদের দূরবর্তী অংশ প্রদক্ষিণ করে এই অভিযাত্রী দলটি শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবে।

















