ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু হত্যা, আরও একজন গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতের নাম সোহেল রানা (৩৪), তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝায়াইল এলাকার বাসিন্দা।
শনিবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের ফটকের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশের তদন্তে উঠে এসেছে, গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে ফ্যাক্টরির ফ্লোর থেকে মারধর করতে করতে গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় সোহেল রানা সরাসরি অংশ নেন। তিনি কারখানার কর্মীদের ভেতরে স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি ঘোলাটে করেন এবং লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে অন্যদের উৎসাহিত করেন।
ইতিপূর্বে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিলেন। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। নির্মমতার এখানেই শেষ নয়; হত্যার পর কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলার ২৬ আসামির মধ্যে ১২ জনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

















