মনোনয়ন ফরম নিতে পারেননি আওয়ামী পন্থী আইনজীবীরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
সোমবার (৪ মে) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে বিএনপি সমর্থিত আইনজীবীদের বাধার কারণে তারা ফরম সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী ফরম নিতে বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করলে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের পথ আটকে দেন। হট্টগোলের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের সদস্যরা লাইব্রেরির দরজা বন্ধ করে দেন।
আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের বার লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। ফলে আমরা ফরম সংগ্রহ করতে পারিনি।’
অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী দাবি করেন, ‘রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিবেশ বা সুযোগ নেই।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বলেন, ‘নির্বাচনে যেকোনো যোগ্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বাধা দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আদালত চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

















