মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, চাইলেন ক্ষমা!

সম্প্রতি লখনউতে আয়োজিত একটি সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। গান গাইতে গাইতে হঠাৎই তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে এবং তিনি মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন।
দর্শকদের কাছে বারবার ক্ষমা চেয়ে সুনিধি জানান, তাঁর শারীরিক অবস্থা ও বিশেষ করে গলার অবস্থা অত্যন্ত শোচনীয়, যা আগে কখনও হয়নি।
গায়িকার কথায়, তিনি সবসময় মঞ্চে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অসুস্থতার কারণে এদিন তা সম্ভব হচ্ছিল না। এই চরম অস্বস্তিকর পরিস্থিতির কথা বলতে বলতেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তবে অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং দর্শকদের অকুন্ঠ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বছর থেকে শুরু হওয়া তাঁর ‘আই অ্যাম হোম’ ট্যুরের অংশ হিসেবে বিভিন্ন শহরে টানা পারফর্ম করার ধকলই তাঁর অসুস্থতার কারণ বলে মনে করা হচ্ছে। লখনউয়ের এই ঘটনার পর আগামী শনিবার কলকাতায় তাঁর পূর্বনির্ধারিত অনুষ্ঠান নিয়ে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

















