ভূইয়া পরিবহনের বাসের ধাক্কায় নিহত দুই, আহত তিন

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে ভূইয়া পরিবহনের একটি বাসের চাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভূইয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসচালক হঠাৎ ‘হার্ড ব্রেক’ করেন। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে সড়ক বিভাজকের (আইল্যান্ড) ওপর আছড়ে পড়ে এবং দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই দুই ব্যক্তি প্রাণ হারান। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

















