বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ২৩ লাখ ডলার!

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম উঠেছে আকাশচুম্বী। ফিফার অফিশিয়াল পুনঃবিক্রয় (রিসেল) সাইটে ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় ২৩ লাখ (২.৩ মিলিয়ন) ডলার। বাংলাদেশি মুদ্রায় এই চারটি টিকিটের মোট দাম দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আগামী ১৯ জুলাই নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বসবে ২০২৬ বিশ্বকাপের জমকালো ফাইনাল। প্রতিবেদনে জানানো হয়েছে, ২৩ লাখ ডলার মূল্যের এই টিকিটগুলো স্টেডিয়ামের লোয়ার ডেকের ১২৪ নম্বর ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩ থেকে ৩৬ নম্বর আসনের। গোলপোস্টের ঠিক পেছনের এই আসনগুলো থেকে খেলা দেখার জন্য ফুটবলপ্রেমীদের গুণতে হচ্ছে এই বিপুল অর্থ।
ফিফা সরাসরি বিক্রিত টিকিটের দাম নিয়ন্ত্রণ করতে পারলেও তাদের অফিশিয়াল ‘রিসেল’ বা ‘এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে’ বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করতে পারেন। তবে এই উচ্চমূল্যের টিকিট বিক্রি হলে বড় অংকের লাভ হবে ফিফারও। নিয়ম অনুযায়ী, প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ফিফা ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ—অর্থাৎ মোট ৩০ শতাংশ ফি কেটে নেয়। ফলে একটি টিকিট ২৩ লাখ ডলারে বিক্রি হলে কেবল ফি বাবদই ফিফার পকেটে যাবে প্রায় ৬ লাখ ৯০ হাজার ডলার।
গার্ডিয়ানের তথ্যমতে, এবার বিশ্বকাপের টিকিটের দাম আগের তুলনায় অনেক বেশি। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ সালে টিকিটের দাম গড়ে অন্তত ৪ গুণ বেশি হতে পারে বলে আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিল। বর্তমানে ফিফার রিসেল সাইটে ফাইনাল ম্যাচের জন্য সবচেয়ে কম দামি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা। এই আসনগুলো স্টেডিয়ামের আপার ডেকের একেবারে শেষ সারির দিকে অবস্থিত।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই আসরটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ থাকলেও টিকিটের এই অস্বাভাবিক দাম সাধারণ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

















