বিশ্বকাপ জয়ের পর এবার আইসিসির মাসসেরা হলেন সঞ্জু স্যামসন

বেঞ্চ গরম করে বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মহানাটকীয়ভাবে টুর্নামেন্টের ভাগ্য বদলে দিয়েছেন সঞ্জু স্যামসন। ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা স্যামসনের মুকুটে এবার যুক্ত হলো আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার এস্টারহুইজেনকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।
বিশ্বকাপের শুরুর দিকে একাদশে ব্রাত্য ছিলেন স্যামসন। তবে সতীর্থ রিংকু সিংয়ের বাবার মৃত্যুতে শূন্য হওয়া জায়গায় সুযোগ পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে একা হাতে ভারতকে শিরোপা এনে দেন এই ওপেনার। বিশেষ করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তার অপরাজিত ৯৭ রানের ইনিংসটি না থাকলে ভারতের সেমিফাইনাল স্বপ্নই শেষ হয়ে যেত।
মার্চে স্যামসনের ব্যাটিং তাণ্ডব: সুপার এইট (বনাম উইন্ডিজ): ৯৭* রান। সেমিফাইনাল ও ফাইনাল: টানা দুই ম্যাচে সমান ৮৯ রান। টুর্নামেন্ট পরিসংখ্যান: ৫ ইনিংসে ৩২১ রান (হ্যাটট্রিক ফিফটিসহ)।
অন্যদিকে, মেয়েদের ক্যাটাগরিতে মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪০ রানের পাশাপাশি ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৭ উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটি সেঞ্চুরি ও ফিফটি এবং ৭ উইকেট নিয়ে বেথ মুনি ও আয়াবোঙ্গা খাকাকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো এই সম্মাননা জিতলেন তিনি।

















