বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়েছে: হাসনাত আবদুল্লাহ

বিএনপি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম সহ্য করেও এখন হতাশায় ভুগছেন। দলটি বর্তমানে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং শহীদদের রক্তের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে। তিনি আরও দাবি করেন, বিএনপির অনেক নেতাকর্মী এখন গোপনে এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।
অনুষ্ঠানে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি করছেন, ভবিষ্যতে তাদের পালানোর পথ থাকবে না। তিনি বিএনপি নেতাদের জুলাইয়ের চেতনার সঙ্গে প্রতারণা না করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

















