বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার নাসীরুদ্দীনের

রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া নিজের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “ধন্যবাদ বিএনপিকে, অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।”
বিএনপি তাদের দলীয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করায় সৌহার্দ্যের অংশ হিসেবেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে হেরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচন পরবর্তী সময়ে আসামি (নাসীরুদ্দীন) মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
আদালতে এই মামলার আবেদন করার পরপরই নড়েচড়ে বসে বিএনপির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বা অতি উৎসাহী হয়ে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করে দলটি। মূলত বিএনপির এই কঠোর অবস্থানের কারণেই নাসীরুদ্দীন পাটওয়ারী তার অবস্থান পরিবর্তন করেন এবং তিক্ততা নিরসনের উদ্যোগ নেন।

















