বাবার কোনো ধরনের লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই: পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে ওঠা নানা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের সঙ্গেই তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সম্পর্ক নেই।
ফেসবুক পোস্টে পূজা চেরি বলেন, “সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি পরিষ্কার করতে চাই যে, বাবার এসব কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
নিজের ক্যারিয়ার ও জীবনযাপন নিয়ে পূজা আরও উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করেছেন এবং নিজের যাবতীয় খরচ নিজেই নির্বাহ করেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।”
বাবার গ্রেপ্তারের ঘটনাকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। বিষয়টি আদালতই সমাধান করবেন।
সবশেষে এই স্পর্শকাতর ঘটনায় তার নাম না জড়ানোর জন্য সংবাদমাধ্যম ও নেটিজেনদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পূজা চেরি।

















