বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খানের ক্ষোভ

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান আবারও আলোচনায়, তবে এবার অভিনয় নয়—রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ক্ষোভের প্রকাশ ঘিরে। খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত। বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নারী সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি রিনা খান। শুধু তিনি নন, শোবিজ অঙ্গনের কোনো তারকাকেই এবার মনোনয়ন দেয়নি দলটি। এতে করে তার মধ্যে হতাশার সুর স্পষ্ট হয়ে উঠেছে।
তার ফেসবুক কার্যক্রমে নজর রাখলেই দেখা যায়, একের পর এক স্ট্যাটাসে শিল্পী হিসেবে অবমূল্যায়িত হওয়ার অভিযোগ তুলছেন তিনি। গত বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক পোস্টে রিনা খান লিখেছেন, “বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ। নাই টাকা, নাই সম্মান। যতটুকু পাই নিজের যোগ্যতায়।”
তার এই বক্তব্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে উঠে এসেছে দেশের শিল্পীদের আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক স্বীকৃতির অভাবের নানা দিক।
উল্লেখ্য, রিনা খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করতে আগ্রহী এই অভিনেত্রী।

















