বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সরাসরি বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পরস্পর কুশল বিনিময় করেন। এটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি বৈঠক।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। শপথ গ্রহণের পর সেদিন সন্ধ্যায় সংসদ ভবনে তাদের সংক্ষিপ্ত আলাপ হলেও, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

















