‘প্রোজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা ট্রাম্পের

মার্কিন সামরিক বাহিনীর পারস্য উপসাগরে আটকা পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালির বাইরে নিয়ে আসার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তিনি জানিয়েছেন, পাকিস্তান ও অন্য দেশগুলোর ‘অনুরোধের ভিত্তিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন, ‘সম্পূর্ণ ও চূড়ান্ত একটি চুক্তির দিকে বিরাট অগ্রগতি হয়েছে। আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে বজায় থাকলেও প্রোজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে এটি দেখার জন্য যে, চুক্তিটি চূড়ান্ত করে স্বাক্ষর করা যায় কি না।’
ট্রাম্পের এ ভাষ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি বলে খবরে জানিয়েছে আল জাজিরা। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘প্রোজেক্ট ফ্রিডম’ অভিযানকে কেন্দ্র করে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই ট্রাম্পের এমন ঘোষণা এলো।
মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি ইরানি নৌকার পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের বিমান প্রতিরক্ষা দ্বিতীয় দিনের মতো ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে।
হরমুজ প্রণালিতে থাকা আরেকটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে, ‘অজ্ঞাত একটি প্রোজেক্টাইল’ তাদের জাহাজে আঘাত হেনেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর প্রণালিটির একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। এতে আরও বিস্তৃত এলাকায় ইরানের নিয়ন্ত্রণ দেখানো হয়েছে। মঙ্গলবার আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে তাদের নির্ধারিত করিডরগুলো অনুসরণ করতে অথবা ‘নিশ্চিত প্রতিক্রিয়ার’ অনুসরণ করতে হবে বলে সতর্ক করেছে।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার আক্রমণাত্মক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সম্পূর্ণ করেছে আর ‘প্রথমে আমাদের গুলি করা না হলে কোনও গোলাগুলি হবে না’।
কিন্তু হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য ইরানকে অবশ্যই ‘মূল্য দিতে হবে’।
রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের অন্তর্ভুক্ত না। এটি বন্ধ করে রাখার, সেখানে মাইন পাতার ও জাহাজে আক্রমণ চালানোর কোনও অধিকার নেই তাদের।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নতুন করে সহিংসতা শুরু হলেও তাতে চার সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি।
পেন্টাগনে সংবাদ সম্মেলনে পিট বলেছেন, ‘মার্কিন সেনাদের ইরানের জলসীমায় প্রবেশ করার দরকার হবে না। এটা প্রয়োজনীয় না। আমরা লড়াই করতে চাই না। কিন্তু ইরানকে নিরপরাধ দেশগুলো ও তাদের পণ্যগুলোকে আন্তর্জাতিক জলপথ থেকে অবরুদ্ধ করে রাখার অনুমোদন দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘এখন যুদ্ধবিরতি নিশ্চিতভাবেই কার্যকর আছে, কিন্তু আমরা অত্যন্ত নিবিড়, নিবিড়ভাবে নজর রাখতে যাচ্ছি।’

















