প্রধানমন্ত্রী ও দেশবাসীকে নরেন্দ্র মোদির পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি এই বন্ধুত্বের বার্তা পাঠানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় অত্যন্ত সংযম ও প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করেছেন।
তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মতো চিরন্তন মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই উৎসবের আনন্দ সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে। তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং জনস্বাস্থ্যের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। দুই প্রতিবেশী দেশের এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

















