প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, উপহার পেলেন ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আসেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউজের একটি রেপ্লিকা এবং দুটি আলোকচিত্র উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রদূত যে দুটি ছবি উপহার দিয়েছেন, তার একটিতে আছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের আগস্টে যুক্তরাষ্ট্র সফরে গেলে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে তার সাক্ষাৎ হয়।
খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে যান ১৯৯২ সালে। ওই বছরের ১৯ মার্চ হোয়াইট হাউজের ওভাল অফিসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র বুশ) সঙ্গে তার প্রায় এক ঘণ্টার বৈঠক হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

















