পিসিবি’র কড়া নজরদারিতে পড়েছেন তরুণ তুর্কি নাসিম শাহ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া নজরদারিতে পড়েছেন তরুণ তুর্কি নাসিম শাহ। কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা ভঙ্গের অভিযোগে এই ডানহাতি ফাস্ট বোলারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বোর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত। জ্বালানি সাশ্রয়ের অজুহাতে সাধারণ দর্শকদের জন্য গ্যালারি বন্ধ রাখা হলেও মাঠে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তার এই রাজকীয় উপস্থিতি এবং নিরাপত্তা বহর নিয়ে মাঠে প্রবেশ করা নিয়ে পিসিবির একটি পোস্ট শেয়ার করে নাসিম শাহ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মন্তব্য করেন— “লর্ডসে রানির মতো তাকে কেন সম্মান দেওয়া হচ্ছে?”
নাসিম দ্রুত পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তবে পিসিবি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। ধারণা করা হচ্ছে, পিসিবির আচরণবিধির ২.২৩ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই ধারায় বোর্ড কর্মকর্তা, সরকারি নীতি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা কঠোরভাবে নিষিদ্ধ। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, নাসিমের জবাব পাওয়ার পরই চূড়ান্ত শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে। চলমান পিএসএলে তার দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি নাসিমের। দলের হয়ে বল হাতে গতির ঝড় তোলার বদলে বর্তমানে বোর্ডের নোটিশের জবাব দিতেই ব্যস্ত সময় কাটছে এই পেসারের।
উল্লেখ্য, ক্রিকেটারদের রাজনৈতিক বা বিতর্কিত অবস্থানের বিষয়ে সাম্প্রতিক সময়ে অত্যন্ত কঠোর পিসিবি। এর আগে আম্পায়ার জামালকে রাজনৈতিক প্রতীকি ব্যবহারের কারণে এক মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছিল। এবার নাসিম শাহর ক্ষেত্রে বোর্ড কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।

















