নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ কুমিল্লায় উদ্ধার: তদন্তে পুলিশ

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকা ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে ওঠেন বুলেট। রাত ২টা ২৫ মিনিটের দিকে সর্বশেষ পরিবারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান যে, তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় আছেন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে তার বাবা কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, ৯৯৯-এ কল পেয়ে মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

















