দেবীগঞ্জে উল্টে গেল ৪০ যাত্রীসহ বাস

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে আসা ‘শাহী পরিবহণ’ নামের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে মাঝরাস্তায় উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা নিতে বিভিন্ন স্থানে চলে যান। তারা ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তবে বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা স্থান ত্যাগ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

















