দলের নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ নিতে এমপি আজাদের হটলাইন চালু

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
আড়াইহাজারের কোনো নাগরিক যদি বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীর দ্বারা ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার হন, তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য তিনি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ ভিত্তিক হটলাইন সেবা চালু করেছেন। হটলাইন নম্বরটি হলো: +৮৮০ ১৪০০-০৬০০০৪। এই উদ্যোগের মাধ্যমে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্যের কার্যালয় থেকে জানানো হয়েছে, অভিযোগ পাঠানোর সময় সংশ্লিষ্ট ঘটনার সত্যতা নিশ্চিত করতে ছবি, ভিডিও বা অডিওসহ প্রয়োজনীয় প্রমাণাদি যুক্ত করতে হবে। তবে এই হটলাইন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
নম্বরটিতে সরাসরি কল না করে শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো ধরনের মিথ্যা অভিযোগ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। প্রাপ্ত প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর তবেই প্রয়োজনীয় সাংগঠনিক বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, শুধু রাজনৈতিক হয়রানি নয় বরং এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রমেও এই হটলাইন কার্যকর ভূমিকা রাখবে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ আড়াইহাজার গড়তে তিনি সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও তাঁকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।

















