তিন বিভাগে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে এবং ময়মনসিংহে এ সংখ্যা ১০।
সিলেট বিভাগেও এখন পর্যন্ত ৩ শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৬৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন শিশু। চলতি বছর এই বিভাগে মোট ১ হাজার ১৯০ জন রোগী ভর্তি হলেও ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, মার্চের শুরুতে বরগুনায় সংক্রমণ বেশি থাকলেও বর্তমানে পটুয়াখালীতে সংক্রমণের হার বাড়ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সব হাসপাতালে আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহে গত ২ এপ্রিল ভর্তি হওয়া আবদুল্লাহ (৩) নামের এক শিশু গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটি অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিল। বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৩৪৪ জন শিশু এখানে ভর্তি হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্যদিকে, সিলেটে গত এক দিনের ব্যবধানে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সাত মাস বয়সী শিশু দিব্য ওসমানী মেডিকেলের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলিওরের সমস্যায়ও ভুগছিল। সিলেট বিভাগে এ পর্যন্ত ৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বর্তমানে ১০৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যা সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

















