‘তারকাখ্যাতিকে পুঁজি করে রাজনীতি করা সমীচীন নয়’

সক্রিয় খেলোয়াড় থাকা অবস্থায় কোনো ক্রিকেটারের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করে তিনি বলেন, ব্যক্তিগত তারকাখ্যাতিকে পুঁজি করে খেলার মাঠে থাকা অবস্থায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করা বন্ধ হওয়া উচিত।
সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে খেলোয়াড়দের মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক পরিচালক মাহবুব আনাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রিকেটারদের রাজনীতিতে আসা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে ফারুক আহমেদ বলেন, “আমি অবশ্যই উনার বক্তব্যের সঙ্গে একমত। এটি আমার ব্যক্তিগত অভিমতও বটে। একজন খেলোয়াড় হিসেবে তার জনপ্রিয়তা থাকে, কিন্তু সেই তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে খেলার মধ্যে থেকে রাজনীতি করা উচিত নয়।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতি করা প্রতিটি মানুষের নাগরিক অধিকার। কারো কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন বা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু যখন কেউ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে চায়, তখন খেলা চলাকালীন এটি আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমাদের দেশে কিছু খেলোয়াড় বর্তমানে এই সমস্যায় ভুগছেন, যাদের নাম বলার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে আমরা যেন এমন দৃশ্য আর না দেখি।”
ফারুক আহমেদ মনে করেন, বিশ্বের অনেক দেশেই খেলা ছাড়ার পর রাজনীতিতে আসার সফল উদাহরণ রয়েছে। তাই মাঠের পারফরম্যান্স ও পেশাদারিত্ব বজায় রাখতে অবসরের পরেই রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা শ্রেয়। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলোয়াড়দের জন্য স্থায়ী মাসিক ভাতা চালুর ঘোষণা দিয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছেন।

















