তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মেগাস্টার থালাপতি বিজয়

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পর আজ শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-কে সমর্থন দিয়েছে কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআইএম ও সিপিআই।
গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল এককভাবে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন ছিল।
বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি ছেড়ে দিলে তাঁর দলের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। এখন কংগ্রেস (৫টি), ভিসিকে (৪টি) এবং বামপন্থীদের (৪টি) মোট ১৩টি আসনের সমর্থন পাওয়ায় বিজয় জোটের মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১২০-এ, যা প্রয়োজনীয় গরিষ্ঠতার চেয়ে বেশি।
উল্লেখ্য, এই দলগুলো আগে ক্ষমতাসীন ডিএমকের জোটসঙ্গী ছিল। আজ বিকেল সাড়ে চারটার দিকে বিজয় রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন।
রুপালি পর্দা কাঁপানো এই নায়কের হাত ধরে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায় ও বড় ধরনের পটপরিবর্তন সূচিত হলো।

















