ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ, কারণ ‘ব্যক্তিগত’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ২০ মাস এই পদে আসীন ছিলেন তিনি। আজ রোববার (১০ মে) উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, মূলত পরিবারকে সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। সামনে যিনি আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।”
পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দীন গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তার জন্য সম্মানের বিষয় ছিল বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইফুদ্দীন আহমদ। তার দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

















