ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বজ্রপাতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই ১৬টি জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর (১) সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
নদীবন্দরগুলোতে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝড় ও বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সাবধানে থাকার অনুরোধ জানানো হয়েছে।

















