ড্র করে সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ

উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেই মিলত সেমিফাইনালের টিকিট, নিশ্চিত হতো এশিয়ান গেমসের মূল পর্বে অংশগ্রহণও। কিন্তু তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। পিছিয়ে পড়ে লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এই ড্রয়ের ফলে এশিয়ান গেমসের সরাসরি অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
সোমবার ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। উজবেকিস্তানের মিরনশোখ ওর্তিকবোয়েভ বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারেই গোল হজম করে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।
খেলার ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান বাংলাদেশের আমিরুল ইসলাম। সমতায় ফেরার পর উজ্জীবিত বাংলাদেশ জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানালেও উজবেক রক্ষণভাগ আর ভাঙা সম্ভব হয়নি। ফলে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল নিয়ে মাঠ ছাড়ে দুদল।
‘বি’ গ্রুপের বাছাইপর্বে তিন ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান—উভয় দলেরই পয়েন্ট ৪। একটি করে জয়, হার ও ড্র নিয়ে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে কপাল পুড়েছে বাংলাদেশের। গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে নাম লিখিয়েছে উজবেকিস্তান, আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।
তবে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এশিয়ান গেমসে খেলার আশা এখনো টিকে আছে। নিয়ম অনুযায়ী, বাছাইপর্বের ৯টি দলের মধ্যে শীর্ষ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এখন টুর্নামেন্টে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জন করতে পারলেই এশিয়ান গেমসের টিকিট পাবে বাংলাদেশ। তবে সরাসরি সেমিতে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় সেই পথ এখন অনেকটাই কঠিন হয়ে পড়ল।

















